প্রত্যন্ত অঞ্চলে গড়ে তুলতে হবে পাঠাগার

বই মানুষকে বাঁচতে শেখায়, আঁধার থেকে আলোর পথে নিয়ে আসে। এজন্য বইকে আলোর প্রদীপ বলা হয়। বইকেন্দ্রিক জীবন ও সমাজব্যবস্থা সুন্দর ও সাফল্যমণ্ডিত হয়। সুশৃঙ্খল, শান্তি ও সুখময় জীবন গঠনে বইয়ের ভূমিকা অপরিসীম। আমাদের সমাজে অনেকের প্রচুর বই আছে, কিন্তু কর্মব্যস্ততা কিংবা অলসতার কারণে বইগুলো পাঠ্য হয়ে ওঠে না। অনেক মেধাবিরা আবার বই পড়ার প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও অর্থের অভাবে চাহিদানুযায়ী বই পড়তে পারে না। ফলে তাদের জ্ঞানের তৃষ্ণা মেটে না। এক রকমের হতাশা ও ভোগান্তির মধ্যে দিয়েই দিন কাটাতে হয় তাদের। নিয়মিত বই পড়তে না পারলে আমাদের মেধাবি প্রজন্ম নষ্ট হয়ে যাবে। কাজেই সুশৃঙ্খল-সুন্দর ও সমৃদ্ধির দেশ গঠনে বই পড়ুয়া দরিদ্র মেধাবিদের প্রতি সুদৃষ্টি রেখে সরকারি সহযোগিতায় দেশের প্রতিটা অঞ্চলে, পাড়া-গাঁয়ে, শহর-বন্দরে পর্যাপ্ত পাঠাগার গড়ে তোলা সময়ের দাবি।

আবু তালহা রায়হান

গোয়াইনঘাট, সিলেট