সাভারে কাভার্ড ভ্যান চাপায় নারী নিহত

সাভারে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে কাভার্ড ভ্যানের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ঐ নারীর স্বামী মোটরসাইকেল চালক মিজানুর রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের তালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐ নারীর নাম হুমাইরা রহমান (২৫)। তিনি সাভারের ফুলবাড়িয়া পানপাড়া এলাকার ওষুধের ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে। চালক আমির হোসেন মাগুরা জেলার সদর থানার দুলোহারা গ্রামের মো. আব্দুল গণির ছেলে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাত করিম জানান, সাভারের রাজ ফুলবাড়িয়া থেকে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী সাভারের দিকে আসছিলেন। একপর্যায়ে তারা মহাসড়কের তালবাগ এলাকায় পৌঁছলে হঠাত্ মোটরসাইকেলের পেছনে থাকা হুমাইরা রহমান মহাসড়কে পড়ে যান। এ সময় পেছনে থাকা কাভার্ড ভ্যানটি ঐ নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।