গৃহকর্মীদের মর্যাদাপূর্ণ জীবন

আইএলও কনভেনশন অনুসমর্থনের দাবি

গৃহকর্মীদের জন্য শোভনকাজ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতকরণে অবিলম্বে সরকারকে আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থন করার দাবি জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে বাংলাদেশ শ্রম আইনে গৃহকর্মীদের সংজ্ঞায় ‘শ্রমিক’ হিসেবে অন্তর্ভুক্ত করতে এবং যত দিন পর্যন্ত গৃহশ্রমিকেরা শ্রম আইনের অন্তর্ভুক্ত না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ অনুযায়ী গৃহশ্রমিকদের অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার সকালে ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ বাস্তবায়ন ও নীতিমালার ভিত্তিতে আইন প্রণয়ন’ শীর্ষক অনলাইন আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস-২০২১ উপলক্ষ্যে ‘নারীশ্রমিক কণ্ঠ’ এই আলোচনা সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক বলেন, আইএলও কনভেনশন ১৮৯ অনুসমর্থনের সময় এসেছে। এর মাধ্যমে দেশের ভেতরে ও দেশের বাইরে গৃহশ্রমিকরা তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবে। তিনি গৃহশ্রমিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থার ওপর গুরুত্ব দেন যাতে তারা দক্ষ কর্মী হয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

নারীশ্রমিক কণ্ঠের আহ্বায়ক সংসদ সদস্য শিরীন আখতার বলেন, এখনই সময়    সরকারের সঙ্গে শ্রম আইন সংশোধনের বিষয়ে কথা বলার।