স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুই ছবি

করোনার কারণে হল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তবে সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। মুক্তি দিচ্ছেন বিগ বাজেটের সিনেমাগুলো। সেই তালিকায় রয়েছে গত ৪ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘দ্য কনজ্যুরিং :দ্য ডেভিল মেইড মি ডু ইট’ ছবিটি এবং ২৮ মে মুক্তি পেয়েছে ‘ক্রুয়েলা’। সিনেমা দুটি সম্প্রতি রাজধানীর স্টার সিনেপ্লেক্সেও মুক্তি দেওয়া হয়েছে। অন্যান্য দেশের দর্শকদের সঙ্গে ঢাকার দর্শকরাও সিনেমা দৃটি দেখার সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, ‘দ্য কনজ্যুরিং :দ্য ডেভিল মেইড মি ডু ইট’ ছবিটি মুক্তির প্রথমদিনেই প্রায় ১০ মিলিয়ন ডলার আয় করে রেকর্ড গড়েছে। অন্যদিকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের ‘ক্রুয়েলা’ ছবিটি এরইমধ্যে বিশ্বব্যাপী প্রায় সাড়ে ১১২ মার্কিন মিলিয়ন ডলার আয় করেছে। হলিউডের সেরা ১০ ভৌতিক ছবির একটি ‘দ্য কনজ্যুরিং’। মাইকেল কেভসের পরিচালনায় এ ছবির প্রযোজক হিসেবে রয়েছেন হরর চলচ্চিত্র নির্মাতা জেমস ওয়ান। অন্যদিকে ক্রেইগ গিলেস্পি পরিচালিত ‘ক্রুয়েলা’ ছবিটি ১৯৬১ সালে মুক্তি পাওয়া ডডি স্মিথের উপন্যাস অবলম্বনে ‘ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান ডালমেশিয়ান’ ছবির ক্রুয়েলা নামের এক নারীকে ঘিরে নির্মিত হয়েছে। এই সিনেমাটিতে ক্রুয়েলা চরিত্রে অভিনয় করেছেন হলিউডের লাস্যময়ী অভিনেত্রী এমা স্টোন। তার সঙ্গে আরো অভিনয় করেছেন এমা থম্পসন, মার্ক স্ট্রং, জোল ফ্রই, কারবি হাওয়েল-ব্যাপটিস্ট প্রমুখ।