নেত্রকোনা জেলার সব হাসপাতালে সার্বিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বরাবরে স্মারকলিপি দিয়েছে নেত্রকোনা ‘উন্নয়নে নাগরিক আন্দোলন’ নামের সংগঠনটি। বৃহস্পতিবার সংগঠনের সাধারণ সম্পাদক খানে আলম খানের নেতৃত্বে ৯ দফা দাবি বাস্তবায়নের সুপারিশ করা হয়। দাবিসমূহ হচ্ছে—সারা জেলায় সরকারি হাসপাতাল-গুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সব ধরনের অনিয়ম বন্ধ করা, আধুনিক সদর হাসপাতালের অভ্যন্তরে চারপাশে ড্রেন নির্মাণ করে হাসপাতালের আশপাশের এলাকার জলাবদ্ধতা জরুরি ভিত্তিতে নিরসন করা, স্বাস্থ্যকর্মীদের আচরণ অধিকতর রোগীবান্ধব হওয়া, প্রতিটি হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, অফিস চলাকালীন সদর হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ যাতায়াত বন্ধ করা, দায়িত্বপ্রাপ্ত চিকিত্সক ব্যতীত অন্যদের দ্বারা ব্যবস্থাপত্র লেখা বন্ধ করা, বহির্বিভাগে আগত রোগী সাধারণের জন্য পর্যাপ্ত শৌচাগার নির্মাণ করা, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধ করা এবং দরিদ্র জনসাধারণের জন্য পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করা। এ সময় সংগঠনের সদস্যসচিব হারুন-অর-রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন।