খুলনায় পৌঁছেছে সিনোফার্মের ৩২৮০০ ডোজ টিকা

চীনের সিনোফার্মের তৈরি করোনা ভাইরাসের ৩২ হাজার ৮০০ ডোজ প্রতিষেধক টিকা খুলনায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার টিকা বহনকারী গাড়িটি নগরীর শামসুর রহমান রোডের স্কুল হেলথ ক্লিনিকের ইপিআই ভবনে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। তিনি বলেন, আমরা ৩২ হাজার ৮০০ ডোজ টিকা গ্রহণ করেছি। একটি ভায়েলে (শিশি) এক ডোজ টিকা আছে। সেগুলো ইপিআই ভবনের আইএলআরে (আইস লাইনড রেফ্রিজারেটর) সংরক্ষণ করে রাখা হয়েছে। আগামী ১৯ জুন থেকে এই টিকা দেওয়া শুরু হবে।  খুলনার সিভিল সার্জন দপ্তর সূত্র জানায়, এর আগে চলতি বছরের ৩১ জানুয়ারি খুলনায় প্রথম ধাপে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা আসে। পরে ৭ এপ্রিল খুলনায় দ্বিতীয় দফায় আরো ১ লাখ ২৫ হাজার ডোজ টিকা আসে।

বাগেরহাটে পৌঁছেছে

১৬৮০০ ডোজ টিকা

বাগেরহাট প্রতিনিধি জানান, সিনোফার্মের ১৬ হাজার ৮০০ ডোজ করোনা ভাইরাসের টিকা বাগেরহাটে পৌঁছেছে। বুধবার দুপুরে বেক্সিমকোর কর্মকর্তারা গাড়িযোগে এই টিকা সিভিল সার্জনের কার্যালয়ে পৌঁছে দেয়। বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বুধবার দুপুরে সিনোফার্মের ১৬ হাজার ৮০০ ডোজ টিকা বুঝে পেয়েছি। তা ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়েছে। আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তাই এই টিকা কলেজ, মেডিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের (যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে) অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার নির্দেশনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের নির্দেশনার চিঠি হাতে পেলে খুব শিগিগর টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। ৮ হাজার ৪০০ জনকে এই টিকা দেওয়া যাবে।