২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোশারেফ হোসেন নান্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ খেতমজুর কমিটি বরিশাল জেলা সাধারণ সম্পাদক কমরেড শাহ্ আজিজুর রহমান খোকন প্রমুখ। সমাবেশ শেষে একই দাবিতে নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে ইউনাইটেড কমিউনিস্ট লীগ।