পাবনার সুজানগরের ঐতিহাসিক গাজনার বিলে চলতি বর্ষা মৌসুমেও তেমন পানি নেই। প্রায় ১০ হাজার হেক্টর জমি নিয়ে গড়ে ওঠা বিশাল ঐ বিলের নিম্নাঞ্চলের খালে নামেমাত্র বর্ষার নতুন পানি আসলেও বেশির ভাগ এলাকায় তেমন পানি নেই। এতে উপজেলার মত্স্যজীবীরা বিপাকে হয়ে পড়েছেন। বিশেষ করে যেসব মত্স্যজীবী কেবল ঐ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন তারা বেশি হতাশ। বোনকোলা গ্রামের মত্স্যজীবী শামসুর রহমান জানান, গাজনার বিলের পানির উত্স বৃষ্টি এবং পদ্মা ও যমুনা নদী। তবে প্রধান উত্স পদ্মা ও যমুনা নদীর পানি। বর্ষা মৌসুমে বিলে পদ্মা ও যমুনার পানি এবং পানির সঙ্গে মাছ আসলে মত্স্যজীবীরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারেন। কিন্তু চলতি আষাঢ় মাসেও বিলে পদ্মা-যমুনার পানি তেমন একটা প্রবেশ করেনি। বিল পাড়ের শারীরভিটা গ্রামের হেদায়েত আলী শেখ বলেন, বৃহত্তর ঐ বিলের নিম্নাঞ্চলের খাল ছাড়া কোথাও বর্ষার নতুন পানি আসেনি। আর চলতি বর্ষা মৌসুমে বিলে পর্যাপ্ত নতুন পানি না আসায় এক দিকে বিলে আবাদ করা পানি নির্ভর আমন ধানের ক্ষতি হচ্ছে, অন্যদিকে পানির অভাবে বিলে মাছ সংকট দেখা দিয়েছে। এ প্রসঙ্গে উপজেলা মত্স্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বলেন, কেবল বর্ষা মৌসুম শুরু। আর কিছুদিন গেলেই বিল পানিতে থইথই করবে। এ সময় বিলে পর্যাপ্ত মাছও পাওয়া যাবে।