খুলনায় পাটশ্রমিকদের বকেয়া পাওনা ও মিল চালুর দাবি

বদলি-অস্থায়ী শ্রমিকদের বকেয়া পাওনা ও বন্ধ সব পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালুর দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিন দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য ও বদলি-অস্থায়ী খুলনা-যশোর আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। লিখিত বক্তব্য পাঠ করেন পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যর সমন্বয়ক রুহুল আমিন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বদলি-অস্থায়ী খুলনা-যশোর আঞ্চলিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হামজা গাজী। শ্রমিকদের তিন দফা দাবি হচ্ছে—বদলি-অস্থায়ী যে দুই নামসংক্রান্ত জটিলতায় ভুক্তভোগী শ্রমিকদের সব বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। ২০১৮ সালের সাপ্তাহিক পাওনা ও মিল বন্ধের নোটিশ পে-মজুরি দ্রুত পরিশোধ করতে হবে; ব্যবসায়ীদের স্বার্থে লিজ নয়, দেশের স্বার্থে বন্ধ সব পাটকল রাষ্ট্রীয় উদ্যোগে চালু করে আধুনিকায়ন করতে হবে। এই তিন দফা বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী ২৪ জুন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি, ৩০ জুন ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। এর মধ্যে দাবি আদায় না হলে ঢাকা থেকে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।