প্রথম সেঞ্চুরি মিজানুরের

শীর্ষে থাকল প্রাইম ব্যাংক

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের রাউন্ড রবীন লিগ পর্ব গতকাল শেষ হয়েছে। প্রথম পর্ব শেষে ৯টি জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্রাইম ব্যাংক। প্রাইম দোলেশ্বর ১৬, আবাহনী ১৬, শেখ জামাল ১৩ পয়েন্ট পেয়েছে। আগামীকাল থেকে শুরু হবে সুপার লিগ পর্ব। ব্রাদার্স ১১, শাইনপুকুর ৯, খেলাঘর ৮ পয়েন্ট পেয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকল। রেলিগেশন লিগে খেলবে পয়েন্ট তালিকার তলানির তিন ক্লাব। রূপগঞ্জ ৭, ওল্ড ডিওএইচএস ৬ ও পারটেক্স ১ পয়েন্ট পেয়ে রেলিগেশন লিগে লড়বে।

গতকাল প্রথম পর্বের শেষ দিনে লিগের প্রথম সেঞ্চুরির দেখা মিলেছে। ব্রাদার্সের ওপেনার মিজানুর রহমান সেঞ্চুরি করেছেন। বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে ৬৫ বলে অপরাজিত ১০০ রান (১৩ চার, ৩ ছয়) করেন তিনি। টি-২০ তে সেঞ্চুরি করা বাংলাদেশের ৯ম ব্যাটসম্যান তিনি। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ওল্ড ডিওএইচএস-প্রাইম দোলেশ্বর ম্যাচও বৃষ্টিতে ভেসে যায়। দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়েছে।

তবে মিরপুর স্টেডিয়ামে দুটি ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ও আবাহনী। সকালে ১০ ওভারের ম্যাচে প্রাইম ব্যাংক ৫ উইকেটে পরাজিত করেছে খেলাঘরকে। ১৯ বলে ঝড়ো গতিতে ৩৯ রান করে ম্যাচ সেরা হন প্রাইম ব্যাংকের রনি তালুকদার। বিকালে ১৮ ওভারের ম্যাচে আবাহনীও ডিএল মেথডে ৫ উইকেটে জিতেছে রূপগঞ্জের বিপক্ষে। আগে ব্যাট করা রূপগঞ্জ ৫ উইকেটে ১৬২ রান তুলেছিল। জবাবে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রয়াসে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে ১৬৪ রান করে জয় নিশ্চিত করে আবাহনী। অলরাউন্ড নৈপুণ্যে আবাহনীর সাইফউদ্দিন ম্যাচ সেরা হন।