সিনিয়র ক্রিকেটার হলেও অধিনায়কের দায়িত্ব নেননি। তবে মাঠে ঠিকই সক্রিয় ছিলেন তামিম ইকবাল। সুপার লিগে তার অভাবটা টের পাবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নিজের ব্যাটিং ছাড়াও ফিল্ডিংয়ের সময় অধিনায়ক এনামুল হক বিজয় তামিমের সহযোগিতা সুপার লিগে পাবে না। হাঁটুর ইনজুরির কারণে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ থেকে ছিটকে পড়েছেন তামিম।
গতকাল খেলাঘরের বিপক্ষে ম্যাচের পর টিম হোটেল ছেড়ে বাসায় ফিরে গেছেন তিনি। প্রাইম ব্যাংকের কোচ সরোয়ার ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। ডান হাঁটুতে ব্যথা নিয়েই শেষ কয়েকটি ম্যাচ খেলেছেন বাঁহাতি এ ওপেনার। চিকিত্সকরা তাকে বিশ্রাম দিয়েছেন। কয়েক দিন পর রিহ্যাব শুরু হবে। তবে জিম্বাবুয়ে সফরে খেলার আশা ব্যক্ত করেছেন তামিম।
গতকাল নিজের ইনজুরি নিয়ে তিনি বলেছেন, ‘আমার শেষ কয়েকটা ম্যাচ ধরে পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল। আমি বেশ স্ট্রাগল করছিলাম বিশেষ করে ফিল্ডিং করতে আর রানিং বিটুইন দ্য উইকেটে। আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। বিসিবি মেডিক্যাল স্টাফদের সঙ্গে কথা বলেছি, ওনারা পরামর্শ দিয়েছেন যে, আমার এই মুহূর্তে না খেলাই ভালো হবে। আর আমার এখন পর্যাপ্ত বিশ্রাম দরকার আর রিহ্যাব করা দরকার।’ জিম্বাবুয়ে সফরের আগে সুস্থ হওয়ার আশাবাদ তামিমের কণ্ঠে। তিনি বলেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজ আছে, ইন্টারন্যাশনাল ম্যাচ আছে ওগুলোই গুরুত্বপূর্ণ বেশি। এখন যে অবস্থা এটা থেকে বেশ ভালো হতে হবে ইন্টারন্যানাল ম্যাচগুলো খেলার জন্য। আমি আশা করি ঠিক সময়েই আমরা জিম্বাবুয়েতে থাকব, প্রথম টেস্টের আগে আমি সুস্থ হয়ে যাব।’ ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট নিয়মিত রান পেয়েছেন তামিম। তবে ইনিংস বড় করতে পেরেছেন কমই। প্রাইম ব্যাংকের হয়ে ১টি হাফ সেঞ্চুরিসহ ৩০৬ রান করেছেন অভিজ্ঞ এ ওপেনার। রাউন্ড রবিন লিগ শেষে ৯টি জয়ে শীর্ষে আছে প্রাইম ব্যাংক, দলকে এমন অবস্থানে রেখে স্বস্তি নিয়েই গেলেন তামিম