মুকুট জয়ের লড়াইয়ে ভারত-নিউজিল্যান্ড

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ইংল্যান্ডের সাউদাম্পটনে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। প্রায় আড়াই বছর বিভিন্ন দলের দ্বিপাক্ষিক সিরিজ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারত, নিউজিল্যান্ড মুকুট জয়ের লড়াইয়ে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপের মতোই আমেজ বিরাজ করছে দুই দলের মধ্যে। সাদা পোশাকে বিশ্ব জয়ের নেশায় বিভোর কোহলি, উইলিয়ামসনের দল। জয় ছাড়া কিছুই ভাবছে না দুই দল। ম্যাচটি ড্র হলে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে ভারত ও নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় সিরিজে ১৭ ম্যাচে ভারতের জয় ১২টিতে, হার ৪টিতে ও ড্র ১টিতে। পাঁচ সিরিজে ১১ ম্যাচে নিউজিল্যান্ডের জয় ৭টিতে, হার ৪টিতে। শিরোপা জিততে মুখিয়ে নিউজিল্যান্ড। ফাইনালের আগে হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘ আমাদের লক্ষ্য শিরোপা জয়। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই আমরা এখানে এসেছি এবং নিজেদের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করেছি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে রেখেছে। ভারত শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বিপক্ষে সেরা ক্রিকেটই খেলতে হবে আমাদের।’ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছেন ভারতের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানে। তিনি বলেছেন, ‘ফাইনাল নিয়ে প্রত্যেকে উদ্দীপ্ত। এমন ফাইনাল নিয়ে সকলেই স্বপ্ন দেখে। আমরাও দেখেছি। শেষটা শিরোপায় রাঙ্গাতে চাই আমরা।’ সাদা পোশাকের লড়াইয়ে অতীতে পরিসংখ্যান অবশ্য ভারতকেই এগিয়ে রাখছে। কারণ এর আগে ৫৮ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ভারত ২১ বার, নিউজিল্যান্ড ১২ বার ম্যাচ জিতেছিল, ড্র হয়েছিল ২৬টি ম্যাচ।