সরকারের ঘোষিত বিধিনিষেধের সঙ্গে ব্যাংকের মতোই সীমিত পরিসরে খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম। জরুরি আর্থিক সেবা প্রদানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আর্থিক প্রতিষ্ঠানসমূহের লেনদেন চালু থাকবে বলে গত বুধবার বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গ্রাহকের হিসাবের মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমা গ্রহণ ইত্যাদি জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে ১৭ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতি জেলায় সর্বোচ্চ একটি শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। এতে আরো বলা হয়, জরুরি গ্রাহকসেবা প্রদান অব্যাহত বা নির্বিঘ্ন রাখার লক্ষ্যে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানসমূহ স্বীয় বিবেচনায় সম্পন্ন করবে।