ত্ব-হাকে খুঁজে পেতে কাজ করছে ডিবি

আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান-সহ নিখোঁজ চার জনকে খুঁজে পেতে অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। এদিকে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের মা আজেদা বেগম গতকাল জানিয়েছেন তার ছেলে নিখোঁজ হওয়ার পর দিন একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার  এমনটি জানিয়েছেন তিনি ।

হাফিজ আক্তার বলেন, ‘আবু ত্ব-হাসহ চার জন নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়ারি (জিডি) হয়েছে রংপুরে। রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশও বিষয়টি নিয়ে কাজ করছে।’ এ ব্যাপারে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, সব ধরনের কারণ ও সন্দেহ মাথায় রেখে তদন্তকাজ চলছে। এখনই স্পেসিফিক কিছু বলা যাচ্ছে না।

স্টাফ রিপোর্টার, রংপুর জানান, আদনানের মা গতরাতে সাংবাদিকদের জানান, তার ছেলে আদনানের পুরানা একটি ফোন নম্বর ছিল। যা অনেক দিন ধরেই বন্ধ ।  ১১ জুন বিকালে হঠাত্ ঐ নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে মেহেদী হাসান নামে এক ব্যক্তি কথা বলেছেন তার  সঙ্গে। ফোনকারী তাকে একটি ইমো আইডি খুলতে বললে তা খোলা হয় । পরদিন ১২ জুন আবারো সেই নম্বর থেকে ফোন করে জানানো হয় আদনান ও তার তিন সঙ্গী ভালো আছে। এক পর্যায়ে ঐ ব্যক্তি ছেলের মুক্তির বিনিময়ে টাকা চায় ।  ছেলের সঙ্গে কথা বলতে চাইলে তারা ফোন কেটে দিয়ে তা বন্ধ করে দেয় ।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ইন্টারনেটভিত্তিক নম্বর (০৯৬৯৬৯৭৭০৬৪৭) থেকে আদনানের মায়ের সঙ্গে ফোনে মেহেদী হাসান পরিচয়দানকারী ব্যক্তির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। হয়তো কোন টাউট বাটপার ফোন করে টাকা আদায়ের চেষ্টা করেছে।

এর আগে গতকাল আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ চার সঙ্গীর সন্ধানের দাবিতে  মানববন্ধন করে রংপুরের বিভিন্ন সংগঠন। রংপুর নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে ‘লায়ন্স স্কুলের প্রাক্তন শিক্ষার্থী’র ব্যানারে মানববন্ধনে অংশ নেন নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের বন্ধুবান্ধবসহ লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা মাহাবুব আরা লিনা, শিক্ষক বাশেদুল ইসলাম, সাবেক শিক্ষার্থী রাকিবুল বাশার রাকিব প্রমুখ।

এদিকে নিখোঁজ আবু ত্ব-হাসহ চার সঙ্গীর সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। উল্লেখ্য,গত ১০ জুন বিকাল চারটার দিকে আবু ত্ব-হা তার তিন সঙ্গীসহ রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। পথিমধ্যে সাভার থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজের সময় ত্ব-হার সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির ছিলেন। ঐ রাত থেকে সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে। নিখোঁজ হওয়ার পর রংপুর মহানগর কোতোয়ালি থানায় আদনানের খোঁজ চেয়ে সাধারণ ডায়েরি করেছেন তার মা ।