প্রায় আড়াই মাস পর গতকাল বৃহস্পতিবার স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে বিধিনিষেধ চলছে দেশে। সেই থেকে জরুরি সেবা দেওয়া দপ্তরসহ সচিবালয় চলছিল সীমিত পরিসরে। তবে বুধবার বিধিনিষেধ এক মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
গতকাল থেকে পুরোদমে শুরু হয়েছে সরকারি অফিস। সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা গেছে, আগের মতো সব কর্মকর্তাই অফিস করছেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের করিডোর কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখর। এতদিন অনেক মন্ত্রণালয়েরই বিভিন্ন কক্ষ বন্ধ ছিল, পালাক্রমে দায়িত্ব পালন করতেন কর্মকর্তারা। দিনের বেলায়ও কোনো কোনো মন্ত্রণালয়ের করিডোর অন্ধকারে ডুবে থাকত। গতকাল সেখানে আগের মতো ছিল কর্মচাঞ্চল্য। সচিবালয়ে গাড়ি রাখার স্থানগুলো ছিল গাড়িতে পূর্ণ। কেউ কেউ গাড়ি পার্কিং নিয়ে ঝামেলায় পড়েন। গাড়ি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে দেখা গেছে। দর্শনার্থী প্রবেশে পাশ ইস্যু বন্ধ থাকলেও এক ও দুই নম্বর গেটের মধ্যবর্তী দর্শনার্থী অভ্যর্থনা কক্ষটিতে মানুষের ভিড় দেখা গেছে। প্রতিটি মন্ত্রণালয়েই কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ উপস্থিতি। অফিস করেছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ সব পর্যায়ের কর্মকর্তারা ।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. মজিবর রহমান বলেন, সরকারের নির্দেশনা মেনে স্বাভাবিকভাবেই অফিস চলছে। আগে আমরা যাকে প্রয়োজন, যাকে ছাড়া কাজ ক্ষতিগ্রস্ত হবে তাকে অফিসে এনেছি। বাকিরা বাসায় বসে অফিস করেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার থেকে অফিসিয়ালি শতভাগ উপস্থিতি হয়েছেন। সবাই স্বাস্থ্যবিধি মেনে আগের মতো কাজ করেছেন।