রবিবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫৩টি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলবে। বৃহস্পতিবার পর্যন্ত ৩১টি ভার্চুয়াল বেঞ্চে বিচার কাজ চলছিল। ঐ দিন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আরো ২২টি বেঞ্চ পুনঃগঠন করে দেন। এ নিয়ে রবিবার থেকে ৫৩টি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলবে। এর মধ্যে ৩৪টি দ্বৈত ও ১৯টি একক বেঞ্চ রয়েছে। এসব বেঞ্চে রিট, ফৌজদারি মোশনসহ দেওয়ানি সংক্রান্ত মামলার বিচারকাজ পরিচালিত হবে। তবে বন্ধ থাকছে আগাম জামিন শুনানি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে এক দিনের জন্যও বন্ধ রাখা হয়নি দেশের আদালতের বিচারকাজ। শুরুতে উচ্চ আদালতে চারটি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হয় এপ্রিল মাসে। পরবর্তীকালে বেঞ্চের সংখ্যা পর্যায়ক্রমে বাড়ান প্রধান বিচারপতি। এখন বিচারপ্রার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে হাইকোর্টের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ চলার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। এছাড়া এপ্রিল মাস থেকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ অব্যাহত রয়েছে।