নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের আদেশ মানছে না বাণিজ্য সংগঠন

নির্বাচন অনুষ্ঠানসংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ মানছে না বাণিজ্য সংগঠন। নির্বাচন অনুষ্ঠানের জন্য গঠিত নির্বাচন কমিশনের কার্যক্রমে বাধা প্রদানসহ কমিশন বাতিল করে দেওয়ার ঘটনাও ঘটছে। নানা ছুতায় ক্ষমতায় থাকার জন্য বাণিজ্য সংগঠনের কেউ কেউ এমন প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। এতে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। 

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়শেনের (বাপা) নির্বাচন আগামীকাল শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক আবু মোতালেবকে প্রধান নির্বাচন কমিশনার করে একটি কমিশন গঠন করা হয়। নির্বাচনকে সামনে রেখে কমিশন ভোটার তালিকা প্রণয়নসহ অন্যান্য অনুষঙ্গিক কর্মকাণ্ড গুছিয়ে আনে। কিন্তু ভোটের মাত্র কয়েক দিন আগে সংগঠনের একটি পক্ষ নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে। বাণিজ্য মন্ত্রণালয় তাদের আবেদন পর্যালোচনা করে গত বুধবার সংগঠনের নির্বাচনি বোর্ডের কাছে একটি পত্র প্রেরণ করে। ঐ পত্রে মন্ত্রিপরিষদ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করার কথা বলে। এ চিঠি পাওয়ার পর সংগঠনের একটি পক্ষ জরুরিভাবে নির্বাহী কমিটির সভা ডেকে নির্বাচন কমিশনকে ভেঙে দেওয়ার জন্য একটি রেজুলেশন তৈরি করে। এ ধরনের সিদ্ধান্তে সাধারণ ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা যথাসময়ে ভোট অনুষ্ঠানের বিষয়ে অনড় রয়েছেন।

এদিকে, বাণিজ্য সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, যে নির্বাহী কমিটি নির্বাচন কমিশন গঠন করেছে সেই কমিটি কমিশন ভেঙে দিতে পারে না। এ ধরনের এখতিয়ার কারো নেই। এমনকি নির্বাচনের তপশিল চলাকালীন নির্বাহী কমিটির বৈঠকও ডাকা বেআইনি। এ বিষয়ে বাপা সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সীর সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন করা হলে তার এপিএস পরিচয়ে একজন ফোন ধরেন। তিনি জানান, স্যার দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি কিডনি জটিলতাসহ নানা অসুস্থতায় ভুগছেন। কারো সঙ্গে তিনি কথা বলেন না। এ বিষয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ইত্তেফাককে বলেন, নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের কাছে আমরা যে চিঠি দিয়েছি তাতে কোভিড-১৯-এর বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আরোপ করা বিধিনিষেধ যথাযথ অনুসরণ করে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছি। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবু মোতালেব ইত্তেফাককে বলেন, নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন। এখন শুধু ভোটগ্রহণ বাকি। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শনিবার যথাসময়ে সংগঠনের নির্বাচন অনুষ্ঠান করতে আমরা বদ্ধপরিকর।