ইরানে আজ শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ভোটের হার খুবই কম হতে পারে বলে আশংকা দেখা দিয়েছে। এই আশংকা থেকে দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটদানের আহ্বান জানিয়েছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন। সর্বোচ্চ নেতার দপ্তর থেকে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টায় তিনি ভোট দেবেন। সারাদেশে স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলবে। প্রয়োজনে ভোটদানের সময় রাত দুইটা পর্যন্ত বাড়ানো যাবে। কাল শনিবার দুপুরের আগেই নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন সাত জন। তিন জন সরে দাঁড়ানোয় এখন প্রার্থী চারজন। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি একইদিনে গ্রাম ও শহর পরিষদের মূল নির্বাচন এবং জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল ভোর ৭টায় নির্বাচনী প্রচারের সময় শেষ হয়ে যায়। —পার্স টুডে