নদীতে ভেসে এলো বাক্স ভেতরে ফুটফুটে শিশু

কান্নার ক্ষীণ স্বর কানে পৌঁছেছিল মাঝির। নৌকা ঘাটে বাঁধার জন্য নিয়ে আসছিলেন। সেখানেই পাড়ের দিকে পানির মধ্যে জমে থাকা শ্যাওলা, গাছপালায় আটকে ছিল একটি কাঠের বাক্স। আওয়াজ আসছিল সেখান থেকেই। অবাক মাঝি বাক্সের কাঠের পাল্লা টেনে খুলেই দেখেন ভেতরে এক ফুটফুটে শিশু।

জরি লাগানো লাল কাপড়ে জড়ানো ছিল শিশুটি। বাক্সের ভেতরে ছিল দেবদেবীর ছবি। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের। বুধবার গাজিপুর জেলার গঙ্গায় ভেসে আসা সদ্যজাত এই কন্যাশিশুকে বুকে করে আগলে তুলে আনা সেই মাঝি এখন প্রশংসায় ভাসছেন। আর ঘটনা সামনে আসতেই  শিশুটির যাবতীয় দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার। শিশুর বেড়ে ওঠায় সবরকম সাহায্যই করবে প্রশাসন; ঘোষণায় জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে মানবতার অনন্য দৃষ্টান্ত দেখানোর জন্য সেই মাঝিকেও পুরস্কার হিসেবে সরকারি সব রকমের সুযোগ-সুবিধা এমনকি বাড়িও দেওয়ার ঘোষণা দিয়েছেন আদিত্যনাথ। গাজিপুর জেলার কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, মাঝির সঙ্গে দেখা করতে এরই মধ্যে কর্মকর্তারা সেখানে গেছেন এবং শিশুটিরও দেখভাল করা হচ্ছে।