হন্ডুরাসে কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে নিহত ৫

রয়টার্স

হন্ডুরাসে একটি কারাগারে কয়েদিদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ কয়েদি নিহত এবং কারারক্ষী ও কয়েদি মিলিয়ে আরো অন্তত ৩৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান, দেশটির কারা কর্মকর্তারা।

হন্ডুরাসের সবচেয়ে বৃহত্ এবং জনবহুল নগরী তেগুসিগালপার লা তোলভা কারাগারে তিন ঘণ্টা ধরে ঐ সংঘর্ষ চলে। সংঘর্ষে তাজা গুলি এবং অন্তত একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারা কর্মকর্তারা বলেন, বারিও ১৮ গ্যাংয়ের সদস্যরা কারাগারে তাদের প্রতিদ্বন্দ্বী সালভাত্রুচা ১৩ গ্যাংয়ের অংশে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। ঐ কারাগারে ১ হাজার ৫০০-র বেশি কয়েদি রয়েছে। স্থানীয় একটি টেলিভিশনকে প্রসিকিউটর সারা গোমেজ বলেন, আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। ২০১৯ সালের শেষ দিক থেকে হন্ডুরাসের কারাগারগুলোর নিয়ন্ত্রণ করছে দেশটির সেনাবাহিনী। সেখানে প্রায়ই কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।