মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুরে বংশাই-লৌহজং নদীর দুই পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকিতে পড়েছে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার, রাস্তা-ঘাট ও ফসলি জমি। শুক্রবার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। নদীর তীব্র স্রোতে বংশাই নদীর ফতেপুর, হিলড়া আদাবাড়ি, থলপাড়া, বৈন্যাতলী, চাকলেশ্বর, গোড়াইল, গাড়াইল, পুষ্টকামুরী পূর্বপাড়া, বাওয়ার কুমারজানি, ত্রিমোহন, বান্দরমারা, যুগিরকোপা, রশিদ দেওহাটাসহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদীভাঙন।
গুনটিয়া এলাকার বাসিন্দা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. তৌফিকুর রহমান তালুকদার রাজি জানান, লৌহজং নদীতে পানি বৃদ্ধির ফলে মাঝালিয়া, গুনটিয়া, চুকুরিয়া, বরাটি, পুষ্টকামুরী, দেওহাটা, কোর্ট বহুরিয়া, বহুরিয়া, কামারপাড়া, নাগরপাড়াসহ বিভিন্ন এলাকা নদীভাঙনে বহু পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট, রাস্তা-ঘাট, হাটবাজারসহ ফসলি জমি। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত ব্রিজগুলো পরিদর্শন করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, বৃষ্টিতে মির্জাপুর উপজেলার বংশাই ও লৌহজং নদীতে পানি বেড়েছে। কিছু কিছু এলাকায় ভাঙনের খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে সহযোগিতার ব্যবস্থা নেওয়া হবে।