সুনামগঞ্জ প্রতিনিধি
দ্বিতীয় ধাপে সুনামগঞ্জে এসে পৌঁছল ৬ হাজার ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন। শুক্রবার সকাল ১০টার দিকে কঠোর পুলিশি নিরাপত্তায় ফ্রিজারভ্যানে ১০টি কার্টনে ৬ হাজার ভ্যাকসিন সুনামগঞ্জের ইপিআই ভবনে পৌঁছে দেওয়া হয় চায়নার উত্পাদিত সিনো ফার্মা ভ্যাকসিন। পরে সুনামগঞ্জ ইপিআই ভবন প্রাঙ্গণে ভ্যাকসিন কো-অর্ডিনেটর এসিস্ট্যান্ট অফিসার মো. সবুজ সরদারের কাছ থেকে ঐ ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীনসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন বলেন, শুক্রবার সকালে ৬ হাজার করোনার ভ্যাকসিন সুনামগঞ্জে এসে পৌঁছেছে। সরকারি যে নীতিমালা আছে সেই অনুযায়ী আজ শনিবার থেকে দ্বিতীয় ধাপে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। তিনি আরো বলেন, যে ৬ হাজার ভ্যাকসিন সুনামগঞ্জে এসে পৌঁছেছে সেগুলো শুধু সদরে দেওয়া হবে পরবর্তী সময়ে যদি বেশি করে ভ্যাকসিন আসে তখন প্রত্যেক উপজেলায় দেওয়া হবে।