পাথরঘাটায় অস্ত্র ও গুলিসহ আটক ১

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

পাথরঘাটায় অস্ত্র ও গুলিসহ আজিম হোসেন (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ঐ এলাকার আলতাফ হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, কাকচিড়া ইউনিয়নের আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ঐ স্থানে নৌকা মার্কার সমর্থনে জনসভা চলছিল। সভাস্থলের আশপাশে ঐ ব্যক্তি অস্ত্রসহ অবস্থানকালে একটি শটগান ও পাঁচ রাউন্ড গুলিসহ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার বলেন, নির্বাচনের সময় অস্ত্র নিয়ে ঘুরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ। যেহেতু আটককৃত ব্যক্তি নিজের লাইসেন্সকৃত অস্ত্র নিয়ে নির্বাচনি সভাস্থলের আশপাশে ঘোরাঘুরি করেছেন, সে কারণে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার সকালে পাথরঘাটা থানার ওসি আবুল বাশার জানান, আটক আজিম হোসেনকে নির্বাচনকালীন ভ্রাম্যমাণ আদালত সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন।