সাতক্ষীরা সীমান্তে দুই ভারতীয় নাগরিকসহ আটক ১১

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা সদর উপজেলার কুশখালি ও তলুইগাছা বিওপি সীমান্তের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে দুই জন ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছেন। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃত বাংলাদেশীরা হলেন : খুলনার কয়রা থানার ইয়াছিন সানা, তার স্ত্রী লাভলী বেগম ও মেয়েশিশু মুন্নি, দৌলতপুরের কৃষ্ণা শিলা ও রিজিয়া বেগম, চুয়াডাঙ্গার ঝর্ণা, কিশোরগঞ্জের খাদিজা ও নাইমা এবং সাতক্ষীরার কলোরোয়ার সুমন। এছাড়া ভারতের দুই জন হলেন : স্বরুপনগর থানার আফতাব মোল্যা ও তার মেয়ে শিশু রুহিনী।

৩৩বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, আটককৃত বাংলাদেশিদের সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়ার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। ১৪ দিন পর তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এ ছাড়া ভারতীয় নাগরিকদের বিএসএফের হাতে হস্তান্তর করা হয়েছে।