রাজাপুরে আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা

রাজাপুরের চাড়াখালী আওয়ামী লীগ অফিসে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ কাঠের তৈরি অফিস ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে।

চাড়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মল্লিক বলেন, রাত ৩টার দিকে মোবাইল ফোনে খবর পাই, আমাদের বাজারের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আগামী ২১ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার নীল নকশা তৈরি করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ স্থানীয় জনতা সেটা প্রতিহত করবে। এ ব্যাপারে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ চাই এবং দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিসংযোগের সত্যতা পাওয়া  গেছে, দুষ্কৃতকারীদের শনাক্তে পুলিশ তত্পর রয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের এখনো করা হয়নি। অভিযোগ পেলেই তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।