দুর্ভোগ কমাতে কাল গাজীপুর-ঢাকা রুটে চালু হচ্ছে বিশেষ ট্রেন

জয়দেবপুর চৌরাস্তা-এয়ারপোর্ট

সড়কে যানজট

গাজীপুর প্রতিনিধি

রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুর হয়ে দেশের ৩৭টি জেলার মানুষ যোগাযোগ রক্ষা করে। ঢাকার সঙ্গে জেলাটির যোগাযোগব্যবস্থা সহজতর করতে ২০১২ সালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত দেশে প্রথম বারের মতো বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ শুরু হয়। সঠিক সময়ে প্রকল্পটির কাজ শেষ করতে না পারা, মহাসড়কে খানাখন্দ, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় সৃষ্ট যানজটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো যাত্রীদের। জনদুর্ভোগের কথা বিবেচনা করে আগামীকাল রবিবার থেকে ঢাকা-গাজীপুর-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালুর কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ঘোষণার কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তাটিকে যানজট মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিআরটি প্রজেক্ট আমাদেরকে উপহার দিয়েছেন। কিন্তু ঠিকাদারদের ক্রমাগত দায়িত্বজ্ঞানহীনতার কারণে অনেক বছর ধরে ধীর গতিতে কাজ করায় মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই।

বিআরটি প্রজেক্টে দায়িত্বপালনরত সচিব, পিডিসহ সবাইকে প্রায় প্রতিদিনই কয়েক বার করে ফোন করছি যাতে টঙ্গী-গাজীপুরবাসীসহ এই সড়ক দিয়ে যাতায়াতকারী প্রায় ৩৭টি জেলার মানুষকে এই দুর্ভোগের হাত থেকে দ্রুত রক্ষা করা যায়।