‘ফাইটারে দারুণ কিছু চমক থাকছে’

 বিনোদন ডেস্ক

 

এই বছরের শুরুতেই ২শ’ ৫০ কোটি বাজেটে ‘ফাইটার’ শিরোনামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সিদ্ধার্থ আনন্দ। বলিউড ইতিহাসে বড় বাজেটের অ্যাকশন সিনেমাগুলোর তালিকায় স্থান করে নেয় ফাইটার। এই সিনেমাটিতে জুটি বাঁধছেন হূত্বিক রোশন ও দীপিকা পাডুকোন। বিমান বাহিনীর যোদ্ধা হিসেবে এই প্রথম দেখা যাবে হূত্বিকে। এছাড়া দীপিকা পাডুকোনের চরিত্রটি নিয়ে দারুণ চমক থাকছে বলে জানা গেছে। করোনার কারণে সিনেমাটি শুটিংসেটে না গড়ালেও প্রি-প্রকাডশনের সকল কাজ শেষ হয়েছে এবং আগামী বছরের শুরুতেই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। তবে শুটিং শুরুর আগেই নতুন এক সাফল্য যুক্ত হলো সিনেমাটির সঙ্গে। নির্মাণ প্রতিষ্ঠান মারফ্লিক্সের সঙ্গে স্টুডিও পার্টনার হিসেবে যুক্ত হলো ভায়াকম এইটটিন। এই দুই প্রতিষ্ঠানের যৌথ অর্থায়নে সিনেমাটি নির্মিত হবে। এমন খবরে বেশ আনন্দিত সিনেমাটির কলাকুশলীরা। এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘করোনার কারণে প্রায় সকল কাজ বন্ধ ছিল। এখন ধীরে ধীরে শুটিং শুরু করেছে সবাই। আমিও আমার আগের কাজগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। তাই আপাতত এই সিনেমাটির শুটিং শুরু করতে পারছি না। তবে পরিচালক যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে স্বাগত জানাই। ফাইটারে দারুণ কিছু চমক থাকছে। আর হূত্বিকের সঙ্গে আমার রয়ায়ন বরাবরই ভালো। নিশ্চয় দর্শকরা আগের মতোই আমাদের গ্রহণ করবেন। শুটিং শুরু আগেই সিনেমাটির সঙ্গে ভায়কমের যুক্ত হওয়া কাজের গতি আরো বাড়াবে। এটা সফলতার পথে অনন্য অর্জন বলা যেতে পারে।’ হূত্বিক বলেন, ‘ক্যারিয়ারে প্রথমবার বিমান বাহিনীর ফাইটার হয়ে সবার সামনে আসছি। নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। আর দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার মানেই দারুণ কিছু ভক্তদের জন্য। বড় বাজেটের সিনেমার নতুন পার্টনার ভায়াকমকে স্বাগত।’

উল্লেখ্য, সিনেমাটি হিন্দির পাশাপাশি তেলেগু, মালায়লাম ও তামিল ভাষায় মুক্তি দেওয়া হবে। অন্যদিকে দীপিকা বর্তমানে ‘দ্য ইন্টার্ন’ ও ‘পাঠান’ সিনেমা এবং হূত্বিক ‘বিক্রম ভেদা’ ও ‘দ্য নাইট ম্যানেজার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এই সিনেমাগুলোর কাজ শেষ করেই ‘ফাইটার’ শুরু করবেন তারা।