সড়কে ঝরল ১৩ প্রাণ

গত দুদিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মইজ্জারটেকের ফসিল ফিলিং স্টেশন থেকে সিএনজি গ্যাস নিয়ে একটি অটোরিকশা মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে ইউটার্ন নিচ্ছিল। তখন চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী বিআরটিসির একটি বাস সেখানে এসে পড়ে। অটোরিকশাকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর প্রান্তে চলে যায়। এসময় পটিয়া থেকে চট্টগ্রাম শহরগামী নিউ কর্ণফুলি এন্টারপ্রাইজ নামে একটি মিনিবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া গতকাল সন্ধ্যায় জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নুরুল আফসার। এদিকে গতকাল দুপুরে নগরীর ইপিজেড থানার স্টিলমিল বাজার খালপাড়ে বাস চাপায় রিকশাআরোহী নারী ও শিশু এবং একজন পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন আরফা বেগম, তার ভাতিজি আয়শা আকতার মিম ও পথচারী রেজাউল করিম। পুলিশ চালকসহ বাসটি আটক করেছে। গতকাল সকালে নগরীর পাহাড়তলী থানার রাণী রাসমনি ঘাট এলাকায় গাড়ির ধাক্কায়  গোপাল দাশ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ কাট্টলী এলাকার হরিলাল দাশের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর আক্তারুজ্জামান ফ্লাইওভারে মোটর সাইকেল দুর্ঘটনায় তামিম নামে এক যুবক মারা যান।

কুমিল্লায় বাস-কার সংঘর্ষে নিহত ৩

কুমিল্লা সদর দক্ষিণ সংবাদদাতা জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়কানন নামকস্থানে গতকাল শুক্রবার ভোরে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস ও লক্ষ্মীপুরগামী প্রাইভেট কারের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান জানান, নিহতরা হলেন রাজধানীর খিলগাঁও তালতলা এলাকার মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ির বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার ফখরুল আলম (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এসআই নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দায়িত্ব পালনকালে পিকআপ চাপায় মোস্তফা কামাল নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটির কালামুড়ি এলাকায় পিকআপটি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা যান তিনি। নিহত মোস্তফা কামাল ফেনীর ফুলগাজী উপজেলার পৈহারা গ্রামের মৃত হাজী আলী আজমের ছেলে।

কসবা থানার ওসি আলমগীর ভূঞা জানান, পিকআপটি এসআই মোস্তফাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় গাড়ি বা এর চালককে আটক করা সম্ভব হয়নি।

কাপ্তাইয়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা জানান, কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে গতকাল শুক্রবার চাঁদের গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত ওইপ্রুচিং মারমা (১৭) কাপ্তাই উপজেলার চিত্মরম উচ্চবিদ্যালয়ের ছাত্রী। দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মইচিংথুই মারমা ও কাঞ্চন তনচংগ্যা মারাত্মক জখম হয়েছেন। তাদের চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হালুয়াঘাটে বাস চাপায় যুবক নিহত।

হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের হালুয়াঘাটে বাসের চাকায় পিষ্ট হয়ে শানজিল (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে খয়রাহাটি গ্রামে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শানজিল উপজেলার ধারা ইউনিয়নের বীরগুছিনা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহী শানজিল স্থানীয় ধারা বাজার এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে সড়কে পড়ে যান শানজিল। ঠিক তখনই অন্য একটি বাস পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।