শনাক্তের হার দুই মাসের মধ্যে সর্বোচ্চ

নতুন করে সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে এক দিনে আরো ৩ হাজার ৮৮৩ জনের মধ্যে করোনা ভাইরাস ধরা পড়েছে, আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরো ৫৪ জনের। এক দিনে মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। কেবল খুলনা বিভাগেই হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে। এক দিনে মোট মৃত্যুর মধ্যে রাজশাহী বিভাগে সর্বোচ্চ ১৫ জন মারা গেছেন। আগের দিন ১৫ শতাংশ ছাড়ালেও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছাড়িয়েছে ১৮ শতাংশ, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৩৯৯। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ১ হাজার ৯৫৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন। এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯২ দশমিক ১২ শতাংশ। গতকাল শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃতদের মধ্যে দুই জন মারা গেছেন বাসায়, বাকি ৫২ জন হাসপাতালে। তাদের ৩৫ জন পুরুষ, ১৯ জন নারী। এর মধ্যে আবার ২৬ জনের বয়স ৬০-এর বেশি। বাকিদের মধ্যে ১৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, সাত জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, পাঁচ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর। এছাড়া ২১ থেকে ৩০ বছর বয়সি একজন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। বিভাগভিত্তিক তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৫ জন মারা গেছেন রাজশাহী বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন করে মারা গেছেন ঢাকা ও রাজশাহী বিভাগে। এছাড়া খুলনা বিভাগে আট জন, বরিশাল বিভাগে চার জন, সিলেট বিভাগে দুই জন ও ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়।