দলত্যাগী মুকুলের বিধায়ক পদ বাতিলে স্পিকারের কাছে আবেদন শুভেন্দুর

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে ফেরা মুকুল রায়ের সদস্যপদ বাতিলের জন্য স্পিকারকে চিঠি দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। গতকাল শুক্রবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে এই চিঠি দেয় বিজেপি। আর সেই চিঠিতে স্বাক্ষর করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিজেপি বিধায়ক হয়েও প্রকাশ্যে মুকুল রায় অন্য দলে যোগ দিয়েছেন, তাই তার বিধায়ক পদ খারিজ করা হোক। গতকাল বিধানসভায় বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা চিঠিটি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেন। বৃহস্পতিবার স্পিকার না থাকায় সেদিন চিঠিটি জমা দেওয়া সম্ভব হয়নি। খবরে বলা হয়েছে, ৬৪ পাতার একটি চিঠি দেওয়া হয়েছে স্পিকারকে। খাতায়-কলমে কৃষ্ণনগর উত্তরের      বিজেপি বিধায়ক মুকুল রায়, বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই, দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই আবেদন জানিয়েই এই চিঠি দিয়েছে বিজেপি।

তবে ৬৪ পাতার চিঠি দেওয়ার বিষয়টা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ঐ চিঠিতে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদনের পক্ষে যুক্তি দেওয়া হয়েছে। দ্রুত বিধায়ক পদ খারিজের আবেদনও করা হয়েছে। বিজেপি এখন পর্যন্ত আইনি পথেই মুকুলকে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।