অটোপাশ আর অটো-প্রমোশন আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে : জি এম কাদের

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অটোপাশ আর অটোপ্রমোশন আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে। জ্ঞান অর্জনের ধারায় কোনো শর্টকাট পদ্ধতি নেই। সার্টিফিকেটসর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, করোনার কারণে একবছর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ, হাটবাজার, অফিস-আদালত, ব্যাংক-বীমা সবই খুলে দেওয়া হয়েছে, সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। কিন্তু, করোনার দোহাই দিয়ে বর্ধিত করা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না। তিনি বলেন, অনলাইন শিক্ষা ব্যবস্থায় পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ্য করা যায়। তবে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য ও সে ব্যবস্থার সুবিধা শুধুমাত্র উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাছাড়া সেখানে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না। একই সঙ্গে শিক্ষা গ্রহণে ক্ষুদ্র অংশের সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে দেশের অধিকাংশ শিক্ষার্থীর বৈষম্য সৃষ্টি হচ্ছে।