নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে প্রতিপক্ষের বিরুদ্ধে গুলি করার অভিযোগ উঠেছে। জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে শুক্রবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভা থেকে ৩০ কিলোমিটার দূরে মুছাপুর ইউনিয়নের আনন্দবাজারে পথসভা করেন মেয়র আবদুল কাদের মির্জা। পথসভা শেষ করে বসুরহাট পৌরসভায় ফেরার পথে আনন্দবাজার ও বাংলাবাজারের মধ্যবর্তীস্থানে মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি লক্ষ্য করে প্রতিপক্ষ গুলি করে। আবদুল কাদের মির্জা অল্পের জন্য রক্ষা পান এবং অনুসারী তিন জন গুলিবিদ্ধসহ আহত হয় ১২ জন। আহতদের আনন্দবাজার ও বাংলাবাজার এলাকায় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়। গুলিবিদ্ধরা হলো শাহাদাত শাহেদ, আবু সায়েম, আবুল কাশেম।
মেয়রের একান্ত সহকারী ও বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ জানান, পথসভা শেষে বসুরহাটে আসার সময় মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন ও সাবেক ইউপি মেম্বার ইসমাইল হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন দুর্বৃত্ত তাদের গাড়ি বহরে গুলি করে। এতে তিন জন গুলিবিদ্ধ ও ১২ জন আহত হন।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এস আই মিজানুর রহমান বলেন, আমরা মেয়রের গাড়ি বহরে ছিলাম। এ সময় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল, চারিদিকে অন্ধকারের মতো। প্রতিপক্ষ গুলি ছুড়ে পালিয়ে যায়।