বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্ব তথা রাউন্ড রবিন লিগ শেষ হয়েছে। ১২ ক্লাবের লড়াই শেষে সুপার লিগে উঠেছে ছয়টি। আজ থেকে শিরোপার মূল লড়াইয়ে শামিল হবে ক্লাবগুলো। এ পর্বে পাঁচ রাউন্ডের খেলা শেষে নির্ধারিত হবে লিগ চ্যাম্পিয়ন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল উন্নীত হয়েছে সুপার লিগে।
গতকাল সুপার লিগের সময় সূচি ঘোষণা করেছে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। সব ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা, দুপুর ২টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচ শুরু হবে। সবকটি ম্যাচ টি-স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে।
সুপার লিগের প্রথম রাউন্ডেই মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের লড়াই আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। এবার লিগের প্রথম পর্বে দুই দলের ম্যাচ বেশ উত্তাপ ছড়িয়েছিল। মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানের স্টাম্পে লাথি মারা, স্টাম্প উপড়ে ফেলার কাণ্ডে সাড়া ফেলেছিল ম্যাচটি। এজন্য শাস্তিও পেতে হয়েছিল সাকিবকে। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা মোহামেডানই জিতেছিল।
আজকের ম্যাচে সাদা-কালো শিবিরে নেই সাকিব। আবাহনী নিশ্চিতভাবেই মুখিয়ে থাকবে আগের ম্যাচের হারের শোধ নিতে। তাছাড়া প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলে এগিয়ে আছে মুশফিকুর রহিমের দল। সর্বশেষ ম্যাচে রূপগঞ্জকে হারিয়ে জয়ের ছন্দেই আছে আবাহনী। অন্যদিকে সাকিবকে নিয়েও বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরেছিল মোহামেডান।
এছাড়া আজ সকালে প্রাইম দোলেশ্বর খেলবে গাজীর বিরুদ্ধে। দুপুরে প্রাইম ব্যাংক লড়বে শেখ জামালের বিপক্ষে।
সুপার লিগে না উঠলেও ব্রাদার্স ইউনিয়ন, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি প্রিমিয়ার লিগে টিকে থাকছে। পয়েন্ট তালিকার তলানিতে থাকায় রেলিগেশন লিগ খেলবে লেজেন্ডস অব রূপগঞ্জ, ওল্ডডিওএইচএস ও পারটেক্স স্পোর্টিং ক্লাব।
প্রথম পর্ব শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্রাদার্সের মিজানুর রহমান। লিগের এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান তিনি। এ ওপেনার ১০ ইনিংসে ১টি সেঞ্চুরি, ৩টি হাফ সেঞ্চুরিসহ ৪১৮ রান করেছেন। ওল্ড ডিওএইচএসের মাহমুদুল হাসান জয় ৩৬৭, আবাহনীর নাঈম শেখ ৩০৭, প্রাইম ব্যাংকের তামিম ইকবাল ৩০৬, শাইনপুকুরের তানজিদ হাসান ২৯৫ রান করে সেরা পাঁচে আছেন। বোলারদের মধ্যে ১০ ইনিংসে সর্বোচ্চ ২০ উইকেট নিয়েছেন শাইনপুকুরের তানভির ইসলাম। সেরা পাঁচের বাকিরা হলেন; প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি ২০, শেখ জামালের সালাউদ্দিন শাকিল ১৭, খেলাঘরের খালেদ আহমেদ ১৬, প্রাইম ব্যাংকের শরীফুল ইসলাম ১৫ উইকেট নিয়েছেন।
প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিল
দল ম্যাচ জয় হার পয়েন্ট
প্রাইম ব্যাংক ১১ ৯ ২ ১৮
প্রাইম দোলেশ্বর ১১ ৭ ২ ১৬
আবাহনী ১১ ৮ ৩ ১৬
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১১ ৭ ৪ ১৪
মোহামেডান ১১ ৬ ৪ ১৩
শেখ জামাল ১১ ৬ ৪ ১৩
ব্রাদার্স ১১ ৪ ৪ ১১
শাইনপুকুর ১১ ৪ ৬ ৯
খেলাঘর ১১ ৪ ৭ ৮
রূপগঞ্জ ১১ ৩ ৭ ৭
ওল্ড ডিওএইচএস ১১ ২ ৭ ৬
পারটেক্স ১১ ০ ১০ ১