গাজীপুরে অগ্নিকাণ্ডে গোডাউনসহ ১০টি কক্ষ পুড়ে ছাই

গাজীপুরে শুক্রবার দুপুরে একটি গোডাউনসহ দুটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনসহ ঐ দুটি বাড়ির ১০টি কক্ষ এবং মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন শরিফপুর কোনাপাড়া আনু মার্কেট এলাকার হাজি আইন উদ্দিন ওরফে আনু ব্যাপারীর বাড়ি সংলগ্ন একটি গোডাউনে শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে আগুনের সূত্রাপাত হয়। ঐ গোডাউনে সুতার ববিন ও মেশিনারীজ রাখা ছিল। গোডাউনের একপাশে মেশিনের মাধ্যমে হলুদ-মরিচ ভাঙানো হতো। মুহূর্তেই আগুন আনু ব্যাপারীর দুইটি বাড়ির ১০টি কক্ষে ছড়িয়ে পড়ে। এসব কক্ষে স্বল্প আয়ের মানুষ ভাড়া থাকে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। আগুনে গোডাউনসহ কক্ষগুলো ও কক্ষে থাকা টাকাসহ মালামাল পুড়ে গেছে। তাত্ক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।