টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোচ সম্প্রদায়ের নারীর ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ’ ও ‘বাংলা আদিবাসী যুব ফোরাম’। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ এ দাবি জানান। ‘বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ’ ও ‘বাংলা আদিবাসী যুব ফোরাম’ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত বিকাশ ধামাই। আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ’র সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন, ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রুবাইয়াত ফেরদৌস, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ওয়াং ম্রু প্রমুখ। এছাড়াও আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ও আদিবাসী যুব ফোরামের বিভিন্ন নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কযের্র পাদদেশ ঘুরে আবার শাহবাগ গিয়ে শেষ হয়।