বাংলাদেশের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) সারা বিশ্বের শ্রমিকদের জন্য টিকা এবং ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী লাভের সুযোগ নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। কোভিড মহামারির কারণে বিশ্বব্যাপী শ্রমবাজারে যে নেতিবাচক প্রভাব পড়েছে তা থেকে দ্রুত উত্তরণের লক্ষ্যে এবারের আন্তর্জাতিক শ্রম সম্মেলনে একটি ‘গ্লোবাল কল টু অ্যাকশন’ প্রস্তাব গৃহীত হয়েছে।
প্রস্তাবনায় কোভিড মহামারিতে শ্রমিকশ্রেণি বিশেষত, স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য ঝুঁকি নিরসনে তাদের কোভিড টিকা প্রদান ও ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর (পিপিই) প্রাপ্যতা এবং যথাযথভাবে বেতন-ভাতার সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিশ্ব শ্রমবাজার ও অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে সব দেশের সব মানুষের জন্য সময়োচিত ও সাশ্রয়ী কোভিড টিকার ন্যায়সংগত প্রাপ্যতার প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরা হয়।
এছাড়া, কোভিড-১৯ এর প্রতিকূল প্রভাবে বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান অসমতা দূরীকরণ এবং শ্রমবাজারে সৃষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় রাষ্ট্রসমূহকে যথাযথ সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থাকে অধিকতর কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
প্রস্তাবনায় মহামারি-পরবর্তী একটি টেকসই, গণমুখী ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ গুরুত্বপূর্ণ দলিলটি শ্রম সম্মেলনের কোভিড সংক্রান্ত টেকনিক্যাল কমিটিতে দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত করা হয়। জেনেভাস্থ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান উক্ত কমিটিতে সভাপতিত্ব করেন।