সামাজিক সুরক্ষা কর্মসূচিতে এডিবির ২১২৫ কোটি টাকার ঋণ অনুমোদন

বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোর আওতা বৃদ্ধি ও সংস্কারে ২৫ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল শুক্রবার সংস্থাটির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন হয়েছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২ হাজার ১২৫ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রাতিষ্ঠানিক এবং নীতি সংস্কারে এডিবির এই ঋণ ব্যবহার করা হবে। সেই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপনায় উন্নতি করা হবে। ১৫০টি উপজেলায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দুস্থ ভাতার আওতা বাড়ানো হবে। এই আর্থিক পরিষেবাগুলো মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য উপকারভোগী শনাক্তকরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন কার্যক্রমে সহায়তা করা হবে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ গত দুই দশকে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০০০ সালে দেশে দারিদ্র্য হার ৪৮ দশমিক ৯ শতাংশ থেকে ২০১৯ সালের হিসাবে ২০ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে। এর ফলে বহু মানুষ হতদরিদ্র অবস্থা থেকে উত্তোরণ ঘটেছে। এর পরেও একটি উল্লেখযোগ্য অংশ নিম্ন আয়ের স্তরে রয়েগেছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট অতিমারি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলেছে। ২০১৮-২০১৯ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ থেকে ২০১৯-২০ অর্থবছরে ৫ দশমিক ২ শতাংশে নেমে এসেছে।

সংস্থাটির জ্যেষ্ঠ বিশেষজ্ঞ হিরোকো উচিমুরা-শিরোশি উল্লেখ করেছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি বাড়ানোর মাধ্যমে এই বিরূপ প্রভাব কমতে সহায়তা করবে। কোভিড-১৯ পরিস্থিতিতে এই কর্মসূচিকে আরো শক্তিশালী করতে সরকারি উদ্যোগে সহায়তা করছে এডিবি। এই কর্মসূচিতে কারিগরি সহায়তা আকারে জাইকার অর্থায়নে ১২ লাখ ডলারের অনুদান রয়েছে বলেও জানানো হয়।