কৃষ্ণাঙ্গ এবং হিস্পানিক গোষ্ঠীর মধ্যে ভ্যাকসিন গ্রহণের হার কম হওয়ায় সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন
মার্কিন ভাইস প্রেসিডেন্ট
আলজাজিরা
যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ অধ্যুষিত আটলান্টা শহরের বাসিন্দাদের টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে সংক্ষিপ্ত সফরে যান তিনি। কৃষ্ণাঙ্গ এবং হিস্পানিক গোষ্ঠীর মধ্যে ভ্যাকসিন গ্রহণের হার কম হওয়ায় সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন কমলা।
ক্লার্ক আটলান্টা বিশ্ববিদ্যালয় ঐতিহাসিকভাবে কৃষ্ণাঙ্গদের শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে সফরে গিয়ে কমলা বলেন, ‘আমাকে অল্প কিছু মানুষ জানিয়েছেন, তারা কোনো পরিস্থিতিতেই টিকা নিতে রাজি নয়। আবার কিছু লোক ভ্যাকসিন নেবে কি-না, তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি। আমরা নিশ্চিত করতে বলতে পারি টিকা নিরাপদ এবং কার্যকর।’
আগামী ৪ জুলাইয়ের মধ্যে আমেরিকার ৭০ শতাংশ প্রাপ্ত বয়স মানুষকে সিংগেল ডোজ করে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার টার্গেট অনুযায়ী এখন পর্যন্ত ৬২ দশমিক ১ শতাংশ মানুষকে এক ডোজ করে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। আটলান্টার বাসিন্দাদের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘টিকা করোনা থেকে সুরক্ষা করবে। এটি আপনাদের জীবন বাঁচাবে।’
যুক্তরাষ্ট্রের সব মানুষকে টিকার আওতায় আনতে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই আওতায় ১৫০ দিনে ৩০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এদিকে যারা এখনো নেয়নি তাদের টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।