আবারও একটি নতুন প্রজাতির করোনার স্ট্রেন পাওয়া গেছে। ভারতে পাওয়া ডেলটা ভ্যারিয়েন্টের পর দক্ষিণ আমেরিকায় মিলল এই ‘ল্যাম্বদা’ স্ট্রেন। ইতিমধ্যে এটি সেখান থেকে প্রায় ২৯ টি দেশে ছড়িয়ে পড়েছে। স্বয়ং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ঘোষণা দিয়েছে। খবর আজকাল পত্রিকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দক্ষিণ আমেরিকায় ল্যাম্বদা স্ট্রেন পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণে। পেরুতে এপ্রিল মাসে যত মানুষ সংক্রামিত হয়েছেন, তার ৮১ শতাংশ এই ল্যাম্বদা ভ্যারিয়েন্টে। আবার চিলিতে গত দুই মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যাম্বদার উপসর্গ লক্ষ্য করা গেছে।
আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এই নয়া ভ্যারিয়েন্ট। ভারতে পাওয়া ডেলটার মতোই বিপজ্জনক এই ল্যাম্বদা ভ্যারিয়েন্ট। কারণও সেই এক, সংক্রমণের হার অত্যন্ত বেশি। সেই সঙ্গে অ্যান্টিবডির সঙ্গে লড়ার ক্ষমতা আছে এই স্ট্রেনের।
তবে এখনো বিস্তারিত গবেষণা হয়নি। ফলে ল্যাম্বদার বিরুদ্ধে ভ্যাকসিন কতটা কার্যকরী বা সুস্থ হয়ে যাওয়ার পর পরবর্তী ফল কী হতে পারে তা নিয়ে কিছুই জানানো সম্ভব হয়নি। গবেষণা চলছে বলেই জানানো হয়েছে।