সম্প্রতি রিয়াল মাদ্রিদ ছেড়েছেন ক্লাব অধিনায়ক সার্জিও রামোস। তার বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সবাই তার প্রশংসাবাণীতে মুখর। তবে ব্যতিক্রম ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। সাবেক বার্সেলোনা তারকা চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের তারকাকে নিয়ে মজা নিতে গিয়েছিলেন। তবে উল্টো পঁচানি খেলেন নিজেই।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি গতকাল (শুক্রবার) রাতের। রোনালদিনহো একটি ছবি আপলোড করেন, যেখানে তিনি শট নিচ্ছেন আর রামোস তার দিকে তাকিয়ে আছেন। রোনালদিনহো লিখেন, হেই সার্জিও রামোস, ঐ রাতের কথা মনে আছে?
Hey @SergioRamos – remember this night?! pic.twitter.com/yZmnwGM56z
— Ronaldinho Gaúcho (@10Ronaldinho) June 18, 2021
রোনালদিনহো যে ছবিটি আপলোড করেন সেটি ২০০৬-০৭ মৌসুমের। সে ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকা হয়তো ২০০৫-০৬ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা ম্যাচটির কথা বলতে চেয়েছিলেন, যে ম্যাচে তার জোড়া গোলে ৩-০ গোলে জিতেছিল বার্সা। তবে ৪১ বছর বয়সী রোনালদিনহো ভুল করে পরের মৌসুমের ছবিটি আপলোড করে বসেন।
তার ভুল সঙ্গে সঙ্গেই ধরিয়ে দেন রামোস। জবাব দিতে দেরি করেননি। ঘন্টাখানেক পরেই উল্টো খোঁচা মেরে আরেকটি ছবি আপলোড করেন, যেখানে দেখা যায় শিরোপা উৎসব করছে রিয়াল মাদ্রিদ। রামোস লিখেন, আমার মনে আছে। তবে কয়েক মাস পরের এই ছবিটি আরো ভালো।
I do… but this one a few months later was way better @10Ronaldinho pic.twitter.com/RQ8ft4Kn4X
— Sergio Ramos (@SergioRamos) June 18, 2021
২০০৬-০৭ মৌসুমে লা লিগায় তীব্র শিরোপার লড়াই হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সেবার দুই দলের পয়েন্ট সমান হলেও, মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ।
ইত্তেফাক/এএএন