বিনোদন রিপোর্ট
বাবা দিবস উপলক্ষে ‘বাবা’ মাহমুদুন্নবীর গাওয়া ‘ওগো মোর মধুমিতা’ গানটি নতুন করে গাইলেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গানটি গতকাল তার নিজের ইউটিউব চ্যানেলে রিলিজ দিয়েছেন তিনি। এছাড়া সামিনার গতবছর বাবাকে নিয়ে গাওয়া ‘আজও যাদের বাবা আছে’ শিরোনামের গানটি এরইমধ্যে বেশ প্রশংসিত ও জনপ্রিয়তা পেয়েছে। এই গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর করেছেন ইজাজ খান এবং সংগীতায়োজন করেছেন কলকাতার রূপোজ্জ্বল মজুমদার। বাবা হারানো সন্তানের অনুভূতির কথা উঠে এসেছে সামিনা চৌধুরীর গাওয়া এই গানটিতে। সামিনা চৌধুরী বলেন, ‘বাবা-মা নিয়ে গান করা খুবই কঠিন ব্যাপার। বিশেষ করে মাকে নিয়ে তো গান করার সাহসই আমি পাই না। আজও যাদের বাবা আছে গানটির সব ঠিকঠাক করে স্বপন যখন বললো, তোমাকেই গানটি গাইতে হবে তখন না করতে পারিনি। গানটি প্রকাশের পর খুব প্রশংসা পেয়েছি।’ সামিনা চৌধুরী গান ও জীবনাদর্শে তার বাবা অসংখ্য কালজয়ী গানের শিল্পী মাহমুদুন্নবীকে অনুসরণ করেন। সামিনা মনে করেন, বাবা মাহমুদুন্নবী সশরীরে না থাকলেও তার গান আছে। তার কণ্ঠ শুনে এখনো মানুষ আনন্দ বেদনায় ডুবে যায়। গানের এই শক্তিতেই বেঁচে আছেন তিনি। তিনি বলেন, ‘বাবার গানগুলো দিনদিন আরো জনপ্রিয় হচ্ছে। তাই বাবাকে স্মরণ কতে তার গাওয়া ওগো মোর মধুমিতা গানটি গাইলাম। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’