বিদায়ি সপ্তাহে আগ্রহের শীর্ষে ছিল সাফকো

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪৮টির বা ৩৯ দশমিক ৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সাফকো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ দশমিক ৪০ টাকা। আর বিদায়ি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৫০ টাকা বা ৫১ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইনসিওরেন্সের ২৬ দশমিক ৫৫ শতাংশ, রিলায়েন্স ইনসিওরেন্সের ২৬ দশমিক ২৭ শতাংশ, কপারটেকের ২২ দশমিক ০৭ শতাংশ, রূপালী ব্যাংকের ২০ দশমিক ৮৫ শতাংশ, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ১৯ দশমিক ৬৫ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ দশমিক ৬৮ শতাংশ, অগ্রণী ইনসিওরেন্সের ১৬ দশমিক ২৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের ১৫ দশমিক ৮৮ শতাংশ এবং রিপাবলিক ইনসিওরেন্সের শেয়ার দর ১২ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।