অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিসের মাধ্যমে সেবা আয় প্রত্যাবাসন বিষয়ে খসড়া নীতিমালা জারি

ইত্তেফাক রিপোর্ট

অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে সেবা আয় প্রত্যাবাসনের বিষয়টি সহজীকরণের জন্য গত বৃহস্পতিবার একটি খসড়া সার্কুলার ওয়েবসাইটে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে। প্রচলিত নীতিমালা অনুসারে সেবা সরবরাহকারীরা কেবল বাংলাদেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্ক রয়েছে এমন ওপিজিএসপিগুলোর সঙ্গে নোশনাল হিসাব পরিচালনা করতে পারে। খসড়া নীতিমালায় এই আবশ্যকতা শিথিল করা হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, সেবা প্রদানকারী গ্রাহকদের যে কোনো ওপিজিএসপির সঙ্গে পরিচালিত নোশনাল হিসাবে জমাকৃত অর্থ উক্ত ওপিজিএসপির মাধ্যমে সংশ্লিষ্ট এডি ব্যাংকের নস্ট্রো হিসাবে (বাংলাদেশের ব্যাংকগুলোর বিদেশি কোনো ব্যাংকে বিদেশি মুদ্রায় হিসাব) জমাকৃত অর্থ উক্ত ব্যাংক পরবর্তীকালে সেবা প্রদানকারী গ্রাহকের হিসাবে জমা করবে। এক্ষেত্রে এডি ব্যাংক সেবা প্রদানকারীর কাছ থেকে বিদেশস্থ লাইসেন্সপ্রাপ্ত ওপিজিএসপির সঙ্গে তার নোশনাল হিসাব পরিচালন সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করবে। সেবা প্রদানকারীর সেবা কার্যক্রম সম্পর্কিত তথ্যাদিসহ ঘোষণা গ্রহণ করবে। এবং সেবা প্রদানকারীর নোশনাল হিসাবে জমাকৃত সেবা আয় তাত্ক্ষণিকভাবে ওপিজিএসপির সহায়তায় ব্যাংকের নস্ট্রো হিসাবে জমা করার বিষয়ে গ্রাহকের আন্ডারটেকিং গ্রহণ করবে। খসড়া সার্কুলারে বলা হয়, প্রত্যাবাসিত সেবা আয় মার্কিন ডলার ১০ হাজার বা তার সমতুল্য পরিমাণের অধিক হলে ব্যাংক ফরম-সি-তে গ্রাহকের ঘোষণা গ্রহণ করবে। নীতিমালায় প্রযোজ্য করাদি কর্তন এবং পরিশোধের বিধিবিধান মেনে চলার বিষয়েও বলা হয়েছে।