ফকির থেকে গল্লাক বাজার রাস্তার সংস্কার চাই

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫ নং গুপ্টী (পূর্ব) ইউনিয়ন একটি অবহেলিত অঞ্চল। এ অঞ্চলের রাস্তাঘাটের তেমন কোনো সুযোগ-সুবিধা নেই। দীর্ঘদিন আগে ফকির বাজার থেকে গল্লাক বাজার পর্যন্ত রাস্তাটি মেরামত হয়েছিল বটে, কিন্তু এরপরে এদের উন্নয়ন তো দূরের কথা, রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা করা হয়নি। তার মধ্যে রাস্তাটির পিচ ঢালাই দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়ে রাস্তাটির অবস্থা খুবই শোচনীয়। হাজার হাজার লোক প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। এখন যানবাহন দূরে থাকুক, লোকজনকে পায়ে হেঁটে যেতেও অশেষ দুর্দশা ভোগ করতে হয়। চলমান বর্ষায় তা আরো শোচনীয় অবস্থা ধারণ করবে। সুতরাং যথাযথ কর্তৃপক্ষের নিকট অত্র এলাকাবাসীর আকুল আবেদন, উক্ত রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার সাধন করে এলাকাবাসীকে অশেষ দুর্ভোগ থেকে রক্ষা করবেন।

মো. রনি, ফরিদগঞ্জ, চাঁদপুর