ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কে ঝুঁকি নিয়ে যান চলাচল

এলাকাবাসী ও যাত্রীদের দুর্ভোগ

সড়কের উন্নয়নকাজ

এগিয়ে চলেছে। সড়কের

ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করা

হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে

বিষয়টি অবহিত করা

হয়েছে

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

ঢাকা-রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের রূপসী থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার সড়ক চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এলজিইডির এ সড়কে খানাখন্দ, সৃষ্ট গর্তে কোথাও হাঁটু সমান পানি। আবার কোথাও কোমর সমান পানি জমে। সামান্য বৃষ্টিতেই সড়কের ওপর পানি থই থই করে। প্রতিদিনই কোনো না কোনো পরিবহন উলটে যাচ্ছে। রাস্তার দুই পাশ দিয়ে পথচারীরা চলাচল করতে পারছে না। পাকা রাস্তার মধ্যখানে কাদার ছড়াছড়ি। তাতে এলাকাবাসীর দুর্ভোগ বেড়েই চলেছে।

পাথরবাহী লরি ও মালবাহী ট্রাক চলাচল করার কারণে সড়কের এমন বেহাল অবস্থা হয়েছে বলে স্থানীয়দের দাবি। রাস্তাটি সংস্কার হবে বলে দীর্ঘদিন ধরে এ কথা বলা হলেও সংস্কার না করায় এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কের দুই পাশেই নালা তৈরি করা হলেও তা পুরোপুরি সচল না হওয়ায় সেটা দিয়ে পানি যেতে পারছে না। যার কারণে সড়কে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়। এখানে শুষ্ক মৌসুমে ধুলাবালু ও খানাখন্দ আর বর্ষার সময় জলাবদ্ধতা। সারা বছর খোঁড়াখুঁড়ি তো আছেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা কমপ্লেক্সে সেবা নিতে আসা লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়। ইছার মাথা ও ইটবহনকারী ট্রাক চলাচল করায় সড়কটি ভেঙে যাচ্ছে। সড়কের মুড়াপাড়া-ত্রিশকাহনিয়া অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় হাটাবো, বাড়ৈপাড়া, টেকপাড়া, ডুলুরদা, মাছুমাবাদ, মিঠাবো এলাকার মানুষ ১০ কিলোমিটার রাস্তা ঘুরে বিকল্প রাস্তা দিয়ে উপজেলা কমপ্লেক্সে আসা যাওয়া করতে হচ্ছে।

মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. তোফায়েল আহমেদ আলমাছ  বলেন, রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়ক অবিলম্বে সংস্কার করা প্রয়োজন। শিগগিরই সড়কটি সংস্কার করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জামালউদ্দিন বলেন, কাঞ্চন-রূপসী সড়কের উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। সড়কের ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান ভুঁইয়া বলেন, এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সড়কের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। সড়কটি ৩০ ফুট প্রস্থ করে সংস্কার কাজ শুরু হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যেই সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।