স্টাফ রিপোর্টার, রাজশাহী
এডহক নিয়োগপ্রাপ্তদের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের বাধার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অর্থ কমিটির সভা আবারও স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপাচার্য ভবনের লাউঞ্জে অর্থ কমিটির উক্ত সভা আহ্বান করেছিলেন অর্থ কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল আরিফ।
শনিবারের অর্থ কমিটির সভা নিশ্চিত করতে কয়েক দিন থেকেই রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছিলেন বলে জানা গেছে। এছাড়া সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়িয়ে অর্থ কমিটির সভা করতে শনিবার সকাল থেকেই ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তা সত্ত্বেও অর্ধশতাধিক এডহক নিয়োগপ্রাপ্ত সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মী (বর্তমানে কর্মকর্তা-কর্মচারী) সকাল সাড়ে ৮টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন এবং উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে উভয় ভবনের গেটে অবস্থান নেয়। এ সময় নিয়োগপ্রাপ্তরা তাদের যোগদান স্থগিতসংক্রান্ত রুটিন উপাচার্যের ‘এক্তিয়ার বহির্ভূত’ দাবি করে বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।