কাহারোলের ভাতগাঁও সেতুতে ফাটল

দুর্ঘটনা ঠেকাতে লাল ঝান্ডা

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী

প্রকৌশলী সুনীতি চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রিজটির ওপর বেইলি ব্রিজ সেট করে ফাটল মেরামত করা হবে

 

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার ঢেপা নদীর ওপর নির্মিত ভাতগাঁও সেতুতে ফাটল দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ঢাকার সঙ্গে পঞ্চগড়ের সরাসরি সড়ক যোগাযোগব্যবস্থা। যে কোনো মুহূর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শুক্রবার সকালে ব্রিজের পশ্চিম পাড়ে উত্তর অংশে এই ফাটল দেখতে পেয়ে প্রশাসনকে জানিয়েছে স্থানীয় লোকজন। সংবাদ পেয়ে দুপুরে দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ ফাটল স্থানে একটি বালির বস্তা দিয়ে লাল ঝান্ডা উড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দা মো. জহরুল ইসলাম জানান, এই ব্রিজ দিয়ে সীমান্ত জেলা পঞ্চগড় থেকে দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য যাত্রী এবং পণ্যবাহী যানবাহনসহ পাথর বোঝাই ১০ চাকার ট্রাক যাতায়াত করে থাকে। গত কয়েক দিন ধরে ব্রিজের ঐ স্থানে ঢালাই খসে পড়ে যায়। গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনের বৃষ্টিতে ফাটলটি আরো বড় হয়ে যায়। বিষয়টি তাত্ক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করা হয়।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল থেকে ব্রিজটির ওপর বেইলি ব্রিজ সেট করে ফাটল মেরামত করা হবে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকিপূর্ণ নয়। ব্রিজটি পুরাতন হওয়ায় এই অবস্থা হয়েছে। ব্রিজ দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ঢেপা নদীর ওপরে ১৯৬০ সালের দিকে ভাতগাঁও সেতু নির্মাণ করা হয়। মহাসড়কের এই ব্রিজের ওপর দিয়ে রাজধানীসহ সারা দেশের যানবাহন ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলায় যাতায়াত করে থাকে।