বগুড়ায় ট্রাকে মিলল ৬০ কেজি গাঁজা

গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, বগুড়া

র্যাব-১২ বগুড়ার সদস্যরা শহরের তিনমাথা এলাকায় বাইপাস সড়কে একটি ট্রাকে তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ চার জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। র্যাব-১২ বগুড়া কার্যালয় শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলো—হাবিবুর রহমান, ইলিয়াছুর রহমান, নুরনবী মিয়া ও সিরাজুল ইসলাম। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। র্যাব-১২, বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বড় মাদক চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার তিনমাথা এলাকায় শুক্রবার রাত ১২টা হতে শনিবার ভোর ৫টা পর্যন্ত অভিযান চালানো হয়।  এ সময় একটি ট্রাকে তল্লাশি করে ৬০ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড এবং নগদ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার ও চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।