পঞ্চগড়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের

পঞ্চগড় প্রতিনিধি

তেঁতুলিয়া উপজেলা খাদ্যগুদামের নিরাপত্তা কর্মী চাঁন মিয়াকে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের ছেলে আসলাম উদ্দিন বাদী হয়ে শনিবার তেঁতুলিয়া মডেল থানায় আবুল খায়েরসহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার আব্দুল জব্বার নামের এক আসামিকে গ্রেফতার করেছে। এদিকে বাবাকে হত্যার অভিযোগে মামলা করায় দুই ছেলেকে হত্যার হুমকি দিচ্ছে আসামিরা। শনিবার বিকালে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিহত চাঁন মিয়ার দুই ছেলে আসলাম উদ্দিন ও আবু বক্কর সিদ্দিক। সংবাদ সম্মেলনে জানানো হয়, তেঁতুলিয়া উপজেলা সদরের কানকাটা এলাকার ৭০ শতক জমি নিয়ে বিরোধের জেরে ১৪ জুন প্রতিপক্ষের সশস্ত্র দল চাঁন মিয়ার বাড়িতে হামলা করে। তারা চাঁন মিয়া ও তার স্ত্রী আসমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ১৬ জুন মারা যায় চাঁন মিয়া। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে নিহতের ছেলে আসলাম উদ্দিন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম জানান, হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে এক আসামি গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।