স্পোর্টস রিপোর্টার
ইউরোর ডেথ গ্রুপে হাঙ্গেরি, ফ্রান্স, পর্তুগাল এবং জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে হাঙ্গেরিকে উড়িয়ে দিয়েছিল পর্তুগাল। বুদাপেস্টের স্টেডিয়ামে হাঙ্গেরি নিজেদের মাঠে ৩-০ গোলে হেরেছিল। জয় নিয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোরা। আগেই ধরে নেওয়া হয়েছিল ‘এফ’ গ্রুপে চার দলের মধ্যে হাঙ্গেরি সবচেয়ে দুর্বল। সবাই ফ্রান্স, জার্মানি পর্তুগালকে নিয়ে ভাবনায় ছিল। গতকাল গ্রুপে নিজের দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে লড়াই করতে নেমে স্রোতের বিপরীতে গোল করে এগিয়ে যায় হাঙ্গেরি। ইনজুরি টাইমে ওতিলা ফিওলা গোল করেন। ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণ ছাপিয়ে গোল পায় হাঙ্গেরি। বেঞ্জামা, এমবাপে, গ্রিজম্যান একের পর এক গোল মিস করেন। এদের গোল মিসের মহড়ায় পল পগবা সুযোগ পেয়েও তিনি বল মারেন বাইরে। পুরো স্রোতের বিপরীতে হাঙ্গেরি গোলের সুযোগ আদায় করে নেয়। বুদাপেস্টে নিজেদের মাঠে এমন উত্সব করল এবারের কোপা আমেরিকায়। সেই আনন্দ খুব বেশি স্থায়ী হলো না। দ্বিতীয়ার্ধে নেমে ফ্রান্স গোল ফিরিয়ে দেয়। কাউন্টার আক্রমণে ফ্রান্সের এমবাপে গোলের পথ তৈরি করে দেন। গ্রিজম্যান বলটা পেয়ে আর দেরি করেননি, জালে পাঠিয়েছেন। মুহূর্তের মধ্যে হাঙ্গেরির আনন্দটা ম্লান হয়ে যায়। ম্যাচ ১-১ গোলে ড্র হয়। ফ্রান্সের মূল্যবান পয়েন্ট কেড়ে নিয়েছে হাঙ্গেরি।